হলিউডের বহুল আলোচিত জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের সম্পর্ক ভাঙন নিয়ে আলোচনা থামেনি আজও। সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী কারা ডেলিভিন। দীর্ঘদিনের গুঞ্জনের পর তিনি প্রথমবার স্বীকার করেছেন, জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের বিচ্ছেদ চলাকালে হার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সম্প্রতি দ্য লোইস থেরাক্স পডকাস্ট-এ দেওয়া এক সাক্ষাৎকারে কারা ডেলিভিন বলেন, জনি ডেপ নাকি অ্যাম্বার হার্ডকে নিয়ে প্রবল ঈর্ষান্বিত ছিলেন। উপস্থাপক লুই থেরু যখন উল্লেখ করেন, ডেপ এই ধারণায় প্রায় উন্মাদ হয়ে উঠেছিলেন যে হার্ডের সঙ্গে ডেলিভিনের সম্পর্ক রয়েছে, তখন কারা জানান, তাদের পরিচয় হয়েছিল ‘লন্ডন ফিল্ডস’ সিনেমায় কাজ করার সময়। সে সময় কোনো সম্পর্ক না থাকলেও পরে, ডেপ-হার্ড বিচ্ছেদের পর, তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ডেলিভিন বলেন, ‘আমরা দীর্ঘদিন খুব কাছের বন্ধু ছিলাম। পরে, যখন তারা বিবাহবিচ্ছেদের মধ্যদিয়ে যাচ্ছিল, তখন আমরা এক ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি। তবে অ্যাম্বার তখন অন্যদের সঙ্গেও সম্পর্কে ছিলেন।’ জনি ডেপের সঙ্গে বিচ্ছেদের পর হার্ড কিছু সময় ইলন মাস্কের সঙ্গে সম্পর্কে ছিলেন বলেও জানা যায়। সাক্ষাৎকারে শুধু সম্পর্কের প্রসঙ্গই নয়, নিজের ব্যক্তিগত জীবন ও যৌন পরিচয় নিয়েও খোলামেলা কথা বলেন কারা। উল্লেখ্য, বিশ্বজুড়ে সুপারমডেল হিসেবে খ্যাতি অর্জনের পর অভিনয়ে আসেন কারা ডেলিভিন। ‘পেপার টাউনস’, সুইসাইড স্কোয়াড’ এবং ‘আমেরিকান হরর স্টোরি’-এর মতো জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন।