ভারতীয় বক্স অফিসে সাফল্যের পর এবার আন্তর্জাতিক বাজারে পা রাখছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। আগামী ১০ জুলাই জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্পাই-অ্যাকশনধর্মী এই চলচ্চিত্র।জাপান মুক্তি উপলক্ষে দেশটির দর্শকদের উদ্দেশে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন রণবীর সিং। সেখানে তিনি বলেন, “আপনাদের জন্য আমরা নিয়ে আসছি সর্বকালের অন্যতম বড় ভারতীয় সিনেমার অভিজ্ঞতা। বড় পর্দায় ‘ধুরন্ধর’ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।”রণবীরের এই ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্মাতাদের আশা, এতে জাপানি দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বাড়বে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গুপ্তচরবৃত্তি, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অ্যাকশননির্ভর গল্পে নির্মিত। এতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন এবং অর্জুন রামপাল। মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাফল্য অর্জন করেছে সিনেমাটি। নির্মাতাদের দাবি, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ও সিক্যুয়েল মিলিয়ে বিশ্বব্যাপী কয়েক হাজার কোটি রুপির ব্যবসা করেছে। এছাড়া ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ শুধু ভারতেই এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।
গত কয়েক বছরে জাপানে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বড় বাজেটের অ্যাকশন ও ভিজ্যুয়াল এফেক্টসমৃদ্ধ চলচ্চিত্রগুলো দেশটির দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। সে কারণেই ‘ধুরন্ধর’র জাপান মুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, ভারতের বক্স অফিসে সাফল্যের ধারা জাপানের প্রেক্ষাগৃহেও ধরে রাখতে পারে কি না রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।








