বিশ্বকাপে নকআউট রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে এশিয়ার পরাশক্তি জাপান। খেলার মান দিয়ে তারা গত কয়েকটি বিশ্বকাপ ধরেই নিজেদের জাত চেনাচ্ছে। এবার পরাক্রমশালী ব্রাজিলকে হারানোর নেশায় মত্ত তারা। এই জাপানিজদের হারাতে বেশ বেগ পেতে হবে ব্রাজিলকে। তবে জাপান ফুটবল সম্পর্কে তেমন ধারণা না থাকায় তাদের ফুটবলারদের সম্পর্কে গভীরভাবে জানা নেই ব্রাজিলের ফরোয়ার্ড রায়ানের।

ব্রাজিলের ফরোয়ার্ড রায়ান শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিস টাউনে সংবাদ সম্মেলনে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে শুরুর একাদশে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। পাশাপাশি দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান সম্পর্কে প্রশ্নেরও জবাব দেন। তবে জাপানের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে—এমন প্রশ্নের উত্তরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রায়ানকে জিজ্ঞাসা করা হয়, জাপানের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে বলে তিনি মনে করেন এবং সোমবার হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচটি নিয়ে তার প্রত্যাশা কী। উত্তরে কিছুটা অপ্রস্তুত হয়ে তিনি বলেন, ‘আরে...! সত্যি বলতে আমি জানি না তাদের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় কে। সেটা বলতে হলে আগে ভিডিও দেখে বিশ্লেষণ করতে হবে। তবে আমি জানি, তারা খুবই দক্ষ এবং শক্তিশালী দল। আমরা সপ্তাহজুড়ে নিজেদের সেরাটা প্রস্তুত করব এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।’

রায়ানের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেক সমর্থক মজা করে বলেন, ‘মনে হচ্ছে তিনি জাপানের কোনো খেলোয়াড়কেই চেনেন না। আবার অনেকে উদ্বেগও প্রকাশ করেন, কারণ এমন মন্তব্য ম্যাচের আগে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে।’

সংবাদ সম্মেলনে রায়ান হাসতে হাসতেই স্বীকার করেন, জাপানের নির্দিষ্ট কোনো খেলোয়াড় সম্পর্কে মন্তব্য করার মতো প্রস্তুতি তার এখনও নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, পুরো দল হিসেবেই জাপান অত্যন্ত শক্তিশালী এবং তাদের বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে।

সোমবার হিউস্টনে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। এই নকআউট ম্যাচে জয়ী দল উঠবে পরবর্তী পর্বে, আর পরাজিত দল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।

কার্লো আনচেলত্তির দল গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান অধিকার করে নকআউটে উঠেছে। অন্যদিকে জাপান গ্রুপ ‘এফ’-এ তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ডালাসে তারা সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল।

আরআর/আইএইচএস/