ব্রাজিল জাতীয় দলের অধিনায়ক মারকুইনহোস ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জাপানের বিপক্ষে ম্যাচের আগে প্রতিপক্ষের ফরোয়ার্ড কেন্তো শিওগাইয়ের মন্তব্যের জবাব দিয়েছেন। শনিবার কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপানের এই রিজার্ভ স্ট্রাইকার বলেছিলেন, ‘ব্রাজিল আর আগের মতো নেই।’
রোববার মারকুইনহোস জানান, শিওগাইয়ের এই মন্তব্য নিয়ে ব্রাজিল শিবিরে আলোচনা হয়েছে। ‘এতেই যথেষ্ট হয়েছে। ওরা এভাবে কথা বলতেই থাকুক, এতে আমাদের দল আরও অনুপ্রাণিত হবে। আমরা প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে আছি এবং অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এ ধরনের কথা আমরা প্রতিপক্ষের জন্যই ছেড়ে দিই। ওরা আরও বলুক, সেটাই আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
এখন পর্যন্ত বিশ্বকাপে জাপানের তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলেছেন শিওগাই। গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ ড্রয়ে তিনি দ্বিতীয়ার্ধের ৩৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে শনিবার (ব্রাসিলিয়া সময় দুপুর ২টা) হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। একই সাক্ষাৎকারে মারকুইনহোস বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে খেলতে হলে বুদ্ধিমত্তা ও ধৈর্য্যের প্রয়োজন। পাশাপাশি তিনি জাপানি স্ট্রাইকারের মন্তব্যকে অহংকারের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন।
‘হয়তো এটা তাদের একটু অহংকারই ছিল। ব্রাজিল এখনও একটি দুর্দান্ত দল। আগামীকাল (আজ) আমাদের শুধু নিজেদের শক্তি ও মান দেখাতে হবে। প্রতিটি বলের জন্য লড়তে হবে, কারণ প্রতিটি মুহূর্তই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। ওদের এসব কথা আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমরা প্রতিটি বলের জন্য লড়ব এবং প্রাপ্যভাবেই ম্যাচটি জিততে চাই।’
রোববারের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেও শিওগাইয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। আনচেলত্তি বলেন, ‘আমরা এসব নিয়ে কথা বলতে চাই না। আমাদের পুরো মনোযোগ থাকবে ম্যাচ এবং প্রতিপক্ষের শক্তিমত্তার দিকে। আমরা ভালোভাবে প্রস্তুতি নেব, যাতে তাদের জন্য সমস্যা তৈরি করতে পারি এবং নিজেরাও সমস্যায় না পড়ি। আমরা মানসিক লড়াইয়ে জড়াতে চাই না।’
আরআর/আইএইচএস








