স্বভাবে কৃপণ হলেও রিপন আর্জেন্টিনার কড়া সাপোর্টার। বিশ্বকাপ এলে একজন কড়া সাপোর্টারের আনকোরা জার্সি কেনার কড়া বিধান আছে। না কিনলে দলের অকল্যাণ হয়! সেই দল ফাইনালে যাওয়ার আগেই উষ্ঠা খায়।

আর্জেন্টিনা বিশ্বকাপে উষ্ঠা খাবে, ভাবা যায়? শুধু তার কিপ্টামির কারণে আর্জেন্টিনার এত বড় সর্বনাশ হবে! বিবেক, আবেগকে ক্রমাগত চাপ দেয়। সেই চাপ সহ্য করতে না পেরে বাবার মানিব্যাগ হালকা করে দিয়ে রিপন ছোটে জার্সির দোকানে।

সিঁড়ির নিচে বিড়ির দোকানেও এখন জার্সি বিক্রি হয়। তাই অনেক দেখে শুনে সে ঢোকে এক দোকানে।

: আর্জেন্টিনার জার্সির দাম কত?

- কুন জার্সি লইবেন? দেশি জার্সি না ইমপোর্ট জার্সি? দেশি জার্সি হইলে কুনো কথা নাই। ইমপোর্ট জার্সি হইলে দুইখান কথা আছে।

: ইমপোর্ট জার্সি নিব। আমি আর্জেন্টিনার ডাই-হার্ড ফ্যান। নিজের অবস্থান ব্যাখ্যা করে রিপন।

- কেমন ইমপোর্ট জার্সি নিবেন? নরমাল টাইপ জার্সি হইলে কুনো কথা নাই, তয় স্ট্যান্ডার্ড মানের জার্সি হইলে দুইখান কথা আছে।

: দেখে কি ফকিন্নি লাগে? স্ট্যান্ডার্ড মানের জার্সি দেখান।

- স্ট্যান্ডার্ড মানের জার্সি কুনটা নিবেন? রেপ্লিকা জার্সি হইলে কুনো কথা নাই, তয় প্লেয়ার জার্সি হইলে দুইখান কথা আছে।

: আমাকে ডুপ্লিকেট মনে হয়? প্লেয়ার জার্সি দেন।

- এইবার তাইলে কন, কুন প্লেয়ারের জার্সি নিবেন? অন্য সব প্লেয়ারের জার্সি নিলে কথা নাই, তয় মেসির জার্সি নিলে দুইখান কথা আছে।

: মেসির জার্সিই নিব। দয়া করে আর দুইটা কথা না, একটা কথা বলেন। দাম কত?

- ঠিক আছে, আপনার কথাই রাখলাম। তয় মুলামুলি করতে পারবেন না। এক দাম তিন হাজার টাকা।

: বলেন কী? এত দাম?

- এত দাম মানে? মেসি মামারে কী কম দামি প্লেয়ার মনে হয়? যেমন তার নাম, তেমন তার জার্সির দাম। লিজেন্ডরা বুঝবে, বাকিরা খুঁজবে। অরজিনাল জার্সি কিনার মুরোদ না থাকলে ডুপলিটা নেন।

: দেন, অরিজিনালটাই প্যাকেট করে দেন।

রিকশায় যেতে যেতে রিপন জার্সির প্যাকেট হাতে নিয়ে গালে ছোঁয়ায়। আহ্, প্লেয়ার জার্সি! তখনই নাকে আসে বোঁটকা গন্ধ। সন্দেহ দূর করতে জার্সির প্যাকেট খুলতেই চোখ বড় বড় হয়ে যায়। কাদামাখা জার্সির ডান বগলতলায় ফুটা!

‘ওই রিকশা, তাড়াতাড়ি ঘুরাও।’ বলেই উত্তেজনার চোটে রিকশায় দাঁড়িয়ে পড়ে রিপন। মানুষ এমন বাটপারও হয়! আজ খবরই আছে দোকানদারের।

রাগে ফুঁসতে ফুঁসতে দোকানে ঢুকে প্যাকেটটা মেলে ধরে রিপন।

: এটা কী দিছেন?

- জার্সি দিছি, মেসির জার্সি। কেন, চোখে দেখেন না?

: আমি তো দেখেছি, আপনি দেখেন। এই জার্সি কারও ব্যবহার করা। শুধু তাই না, এই জার্সিতে ফুটাও আছে।

- হুম, তো কী হইছে?

: কী হইছে, মানে? এই ফুটাওয়ালা, ব্যবহার করা জার্সি দিলেন যে?

- আপনিই তো কইলেন, মেসির প্লেয়ার জার্সি দিতে। এই জার্সি হইল সেই জার্সি, যে জার্সি পইরা মেসি হ্যাট্রিক করছে। খেলা দেখেন নাই? মেসিরে বিপক্ষ দলের প্লেয়াররা কেমন ঠেলাধাক্কা করছে? সেই টানাটানিতে জার্সি ছিঁইড়া গেলে সেই দোষ কি আমার?

রিপন এক দৃষ্টিতে তাকিয়ে রইল দোকানদারের দিকে। দোকানদার দুই দৃষ্টিতে।