জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির ২৬ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীকে সভাপতির পদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- কৃষিমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, ভূমি সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, শিল্প সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিদ্যুৎ সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব এবং বাণিজ্য সচিব।

সেই সঙ্গে সদস্য হিসেবে আরও থাকছেন- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) নির্বাহী পরিচালক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মনোনীত পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষজ্ঞ সিভিল সোসাইটির দুজন প্রতিনিধি।

এ কমিটিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাহী কমিটির প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে- বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়ন ব্যবস্থা পর্যালোচনা ও পরিবীক্ষণ; জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়ন কার্যক্রমের বিশ্লেষণ ও পরিবর্তিত প্রেক্ষাপটে সংশোধন সম্পর্কে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিভিন্ন আন্তঃমন্ত্রণালয় সমস্যা দূর করতে প্রাথমিক পদক্ষেপ নেওয়া ও প্রয়োজনে তা জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটিতে উপস্থাপন; কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও পরিবীক্ষণ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা।

একিউএফ/জেআইএম