গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামের মুফতি আবু উবাইদা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে প্রথম স্থান অর্জন করেছেন। তার এ সাফল্যে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে দেশের ৮ বিভাগ থেকে নির্বাচিত ২৪ জন ইমাম অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মুফতি আবু উবাইদা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। মুফতি আবু উবাইদা বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন। সুমধুর কিরাত, জ্ঞানগর্ভ খুতবা এবং ইসলামের সঠিক শিক্ষা প্রচারের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন।