দুই বছর আগে মুক্তি পাওয়া প্রশংসিত বাংলা সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র গল্প এবার নতুন অধ্যায়ে পৌঁছেছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ শুক্রবার (১০ জুলাই) ওপার বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম পর্বের মতো এবারও গুরুত্বপূর্ণ ‘মেঘনা’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

নতুন সিনেমায় সম্পর্কের টানাপড়েন, দাম্পত্যের সংকট, অতীতের ক্ষত এবং মানুষের জটিল মনস্তত্ত্বকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই সেই আভাস মিলেছে। সেখানে দেখা যায়, বিয়ের পরও মেঘনা ও সুমনের সংসারে সুখের দেখা মেলে না। অতীতের স্মৃতি, অবিশ্বাস এবং মানসিক দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভাঙনের দিকে ঠেলে দেয়।

গল্পের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের ভেঙে পড়া সংসার বাঁচাতে সুমনের সাবেক স্ত্রী শুভ্রার কাছে সাহায্য চান মেঘনা। প্রথম ছবিতে যেখানে শুভ্রা ও মেঘনার দ্বন্দ্ব ছিল গল্পের মূল আকর্ষণ, এবার সেই সম্পর্কের সমীকরণ বদলে নতুন আবেগ তৈরি হয়েছে।

নিজের চরিত্র প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে ওঠা হয়তো সম্ভব হতো না।’

এবারের ছবিতে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। তার চরিত্রকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তিনি কি শুধুই মেঘনার বন্ধু, নাকি তার উপস্থিতিতে সম্পর্কের নতুন মোড় আসবে-তার উত্তর মিলবে সিনেমায়।

আরও পড়ুন

লন্ডনে আন্তর্জাতিক বাউল উৎসব, অংশ নিচ্ছেন শফি-ডলি মণ্ডল

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সেই ছবিতে কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে তার বর্তমান ও সাবেক স্ত্রীর এক ছাদের নিচে আসার ঘটনাকে ঘিরেই এগিয়েছিল ছবির গল্প।

নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আজও অর্ধাঙ্গিনী’র কাহিনি শুরু হয়েছে প্রথম পর্বের কয়েক বছর পরের সময় থেকে। এবার একটি বিয়ে এবং তাকে ঘিরে পুরোনো-নতুন সম্পর্কের জটিল সমীকরণ উঠে এসেছে গল্পের কেন্দ্রে। পাশাপাশি চরিত্রগুলোর অজানা অনেক দিকও উন্মোচিত হবে।

তিনি আরও জানান, মেঘনার মেয়ে টিকলিকে ঘিরে তৈরি হবে নতুন আবেগঘন সংকট। বড় হয়ে ওঠা টিকলির পরিচয়কে কেন্দ্র করে যে প্রশ্ন তৈরি হবে, সেটিই গল্পের অন্যতম প্রধান সংঘাতে রূপ নেবে।

সিক্যুয়েলের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিক্যুয়েলের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরও গভীরভাবে ফিরিয়ে দিতে।’

আরও পড়ুন

যে গানগুলো আজও ফিরিয়ে নেয় এন্ড্রু কিশোরের কাছে

গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হয়েছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহু প্রতীক্ষিত এই সিনেমা।

এমএমএফ