জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (১১ জুলাই) ভোর ৪টায় জেলার সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে শেখ হাফিজুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তার বাড়ি নড়াইল জেলায়। তবে তার সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শনিবার ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে দেয় বিএসএফ। এরপর তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে পাহারায় থাকা গ্রামবাসী তাৎক্ষণিকভাবে তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন। উদ্ভূত পরিস্থিতি নিরসন ও তাদের ভারতে ফেরত পাঠানোর বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

মাহফুজ রহমান/এফএ/এএসএম