জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দ্রুত পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ওই তিন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা বা নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের সঙ্গে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন। এদের মধ্যে শেখ হাফিজুর রহমান (৬৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি নড়াইল জেলায়। তবে সঙ্গে থাকা দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

শনিবার (১১ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের আলোকসজ্জা বন্ধ করে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বরত স্থানীয়রা তাদের আটকে দেন এবং দ্রুত বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে নিজেদের তত্ত্বাবধানে নেন এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থান গ্রহণ করেন।

ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম জানান, ভোরে বিএসএফ তিনজনকে পুশইনের চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসী তা প্রতিহত করেন। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিজিবি ও বিএসএফ সদস্যরা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতির সমাধান এবং ওই তিন ব্যক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

The post জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, দুই নারীসহ তিনজন নো-ম্যানস ল্যান্ডে appeared first on ZoomBangla.