কক্সবাজারে ঢাকাগামী বিলাসী চেয়ার কোচ সেন্টমার্টিন ট্রাভেলসের একটি পরিবহন থেকে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়। এসময় বাসের হেলপারকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো বাসের সিটের পেছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছেন, কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতার মো. শেখ রাতুল (২৩) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ওসি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে খবর আসে বিলাসী একটি কোচে ইয়াবার বড় চালান পাচার হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে কক্সবাজার মডেল থানা পুলিশের একটি টিম নিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়া হয়। ঢাকা যেতে প্রস্তুতি নেয়া সেন্টমার্টিন ট্রাভেলস কাউন্টারের সামনে অভিযান চালায়।
ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার কোচ তল্লাশি করে ৪ ও ৫ নম্বর স্লিপিং সিটের নিচে পাটাতনের সঙ্গে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। সেখানে ৯২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অভিযানকালে বাসের হেলপার শেখ রাতুলকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে গাড়ি ও ইয়াবা জব্দ করে হেলপারকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, বাসের চালক নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সায়ীদ আলমগীর/কেজে/এএসএম








