ফেনীর ছাগলনাইয়ায় মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন চৌধুরী সজিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সাংবাদিকেরা অভিযোগ করেন, বৃহস্পতিবার (৯ জুলাই) ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিক সজিবের ওপর হামলা চালায়। তাকে সংবাদ সংগ্রহের কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করার পর হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়।সিনিয়র সাংবাদিক আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাংবাদিক রবিউল হক রবি, কামাল উদ্দিন ভূঞা, আতিয়ার স্বজল, সিদ্দিক আল মামুন, সৈয়দ মমনিরসহ ফেনীতে কর্মরত টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন এন এন জীবন ও জসিম মাহমুদ।সমাবেশে সাংবাদিক নেতারা আলটিমেটাম দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুততম সময়ের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারীসহ জড়িত সবাইকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। প্রয়োজনে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করবে ফেনীর সাংবাদিক সমাজ।উল্লেখ্য, এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।\
রাজনীতি
ফেনীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শেয়ার করুন







