প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমার মাকে বাংলাদেশের চিকিৎসকেরা যে মানবিক সেবা দিয়েছেন, সে ধরনের সেবা বিদেশে পাওয়া যেত না।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেক বছর ধরে চিকিৎসা দিয়েছেন। প্রত্যেক মুহূর্তে তারা তার দেখভাল করেছেন।

আরও পড়ুন

সার্বক্ষণিক নির্ভরতার জায়গা হলো ঢাকা মেডিকেল: প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, মৃত্যুর কিছুদিন আগেও তিনি বিদেশে গিয়েছিলেন। আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল—আবার তাকে বিদেশে নেওয়া হবে কি হবে না। আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, আপনারা তাকে নিতে চাইছেন, কিন্তু এখানকার চিকিৎসকেরা তাকে যে সেবা দিচ্ছেন—চব্বিশ ঘণ্টা, প্রতিটি মুহূর্তে—এই মানবিক পরিচর্যা, আমি মনে করি না, বিদেশে গেলে তা পাওয়া যাবে।

তারেক রহমান বলেন, বিদেশে গেলে হয়তো কারিগরি সহায়তা আরও ভালো পাওয়া যেত, যন্ত্রপাতি আরও উন্নত হতো। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে সেবা পেয়েছেন, আমি দেখেছি, চিকিৎসকেরা কত আন্তরিকতার সঙ্গে সেই সেবা দিয়েছেন।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রী / চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যত ভালো হাসপাতালই হোক, এ ধরনের মানবিক সেবা পাওয়া যেত না। সে জন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ।

কেএইচ/এসএইচএস