জয়পুরহাটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলা ও আক্কেলপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার পাঁচবিবি পৌর শহরের সরকারি গোরস্থান এলাকার অটোরিকশাচালক তৌহিদুল ইসলাম (৩৫), আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৪০) এবং আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টির মধ্যে পাঁচবিবি থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৯ জন যাত্রী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশাচালক তৌহিদুল ও এক নারীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত যাত্রী মিতালী রানী জানান, বৃষ্টির কারণে অটোরিকশাটি ধীরে চললেও বিপরীত দিক থেকে আসা ট্রাকটি বেপরোয়া গতির কারণে সরাসরি সামনে থেকে ধাক্কা দেয়।

জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) নুরুন নবী জানান, ট্রাকের চালককে স্থানীয়রা আটকে পুলিশে সোপর্দ করেছে। ট্রাকটি জব্দের প্রক্রিয়া চলছে। আহত বাকি সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, একই দিন দুপুরে আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের পাঠানধারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন নিহত হন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

মাহফুজ রহমান/এনএইচআর/জেআইএম