গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’ নামে এক হাতি গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পার্কের হাতিশালার হাতি ‘জয়িতা’র আক্রমণে এমন দশা তার। দেড় মাস ধরে চলা চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। পাশাপাশি থাইল্যান্ড থেকেও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। চলতি বছরের ২৪ মে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সি রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছর বয়সি হাতি জয়িতা। আক্রমণে রাজু বাহাদুরের একটি পা ভেঙে গেছে। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইন বলেন, হামলার শিকার হাতি রাজু বাহাদুর পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ছিল। পার্কে থাকা অন্য একটি হাতি থেকে ৪ বছর আগে জয়িতার জন্ম হয়। বাচ্চা হাতি হওয়ায় জয়িতাকে শেকলে বেঁধে রাখা হতো না। গত ২৪ মে সকালে শেকলে বাঁধা রাজু বাহাদুরের ওপর হঠাৎ করে আক্রমণ করে জয়িতা। শেকলে বাঁধা রাজু বাহাদুরের সামনে দুটি পা দু’দিকে ছড়িয়ে যায়। এতে একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও আঘাত পেয়েছে। বর্তমানে রাজু বাহাদুর দাঁড়াতে পারছে না। চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। ধীরে ধীরে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় থাইল্যান্ড থেকে আনা হয় দুই সদস্যের মেডিকেল টিম। বর্তমানে থাইল্যান্ড থেকে আসা মেডিকেল টিমের পরামর্শ ও দেশের মেডিকেল বোর্ডের যৌথ তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। পাশাপাশি শ্রীলংকার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।








