বরিশালে জেলে যাওয়ার পরও চাকরিতে বহাল আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চালক মুন্সি সিরাজ। সড়ক দুর্ঘটনা সংক্রান্ত এক মামলায় আদালত তাকে জেলে পাঠালেও চাকরিতে তিনি এখনো বহাল আছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণ ডাঙ্গা গ্রামের ইনছান উদ্দিনের ছেলে সিরাজ আনসার ও ভিডিপি বরিশাল বিভাগীয় কার্যালয়ের চালক। ১৭ জুন সড়ক পরিবহণ আইনের মামলায় তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বরিশাল মহানগর আদালতের বিচারক মীর মোহাম্মদ ইমতিয়াজ। আদালতের বেঞ্চ সহকারী সাখায়েত হোসেন জানান, কোতোয়ালি মডেল থানার মামলায় সিরাজের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। জামিন চাইলে তাকে জেলহাজতে পাঠান আদালত। এ বিষয়ে আনসার ও ভিডিপির বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-মহাপরিচালক নুরুল আফসার জানান, আদালতের কাগজপত্র পেলে সিরাজের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী জেসমিন আক্তার জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নগরীর রূপাতলী এলাকা দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাক আমাদের চাপা দেয়। ঘটনাস্থলে আমার ১১ বছরের ছেলে জুবায়ের মারা যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করি। মামলার পরপরই সিরাজ গ্রেফতার হয় এবং তিনদিন পর জামিন পায়। তবে চার্জশিট হওয়ার পর সিরাজ জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। তিনি আরও বলেন, প্রতিনিয়ত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে সিরাজের স্বজনরা। সিরাজ জেলহাজতে থাকলেও তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।








