ঝালকাঠিতে তীব্র লোডশেডিং ও স্থানীয় বিদ্যুৎ অফিসের নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন ‘ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি’।
এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, সাংবাদিক জিয়াউল হাসান পলাশ, জহিরুল ইসলাম জলিল, ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি সভাপতি উজ্জ্বল রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত কিছুদিন ধরে ঝালকাঠি জেলাজুড়ে বিদ্যুতের চরম বিপর্যয় চলছে। দিন-রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এর ওপর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নানা অনিয়ম, গ্রাহক হয়রানি এবং ভূতুড়ে বিলের কারণে সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, অবিলম্বে ঘন ঘন লোডশেডিং বন্ধ করে ঝালকাঠিতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ অফিসের গ্রাহক হয়রানি ও সব ধরনের প্রশাসনিক অনিয়ম দ্রুত বন্ধ করতে হবে। গ্রাহকদেরকে কাল্পনিক বিল দেওয়া বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ।
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনগণ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।








