ঝিনাইদহের মহেশপুর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পৃথক ঘটনায় মোট ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি বলছে, তাদের তাৎক্ষণিক তৎপরতায় উভয় সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। আজ শনিবার বিজিবির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির ভাষ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তে ভোরে চারজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবির সামন্তা বিওপির টহল দল বিষয়টি টের পেয়ে তাঁদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।
বিজিবির দাবি, বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভেতরে ভারতে অবস্থান করছেন। এ বিষয়ে বিএসএফকে অবহিত করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তেও একই ধরনের আরেকটি ঘটনার কথা জানিয়েছে বিজিবি। তাদের দাবি, গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাসন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন।
বিজিবি জানায়, চাড়ালডাঙ্গা সীমান্তফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফ ওই সাতজনকে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়। বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে ১৫০ গজের মধ্যে তাঁদের কোনো অবস্থান বা চলাচল দেখা যাচ্ছে না ।
নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ ইন, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ পারাপার ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।








