ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের হরিপদ দাসের ছেলে এবং দুর্ঘটনা কবলিত একটি ট্রাকের চালক।

স্থানীয়রা জানান , বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে বড়দাহ মাদ্রাসা এলাকায় ধানবোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস ট্রাকের কেবিনে আটকা পড়েন। পাশাপাশি বালুবাহী ট্রাকের হেলপার ও ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা ট্রাকের কেবিন কেটে তুফান দাসের মরদেহ উদ্ধার করেন।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন জানান, রাত ১১টা ৩৫ মিনিটে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহানুর আলী বলেন, “দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়ক থেকে সরিয়ে ফেলা হয়েছে।”