ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র মারা গেছে।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হয় সে।

মারা যাওয়া তীর্থ বিশ্বাস একই এলাকার তপন কুমারের ছেলে। সে ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ। ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তীর্থকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত হলে স্থানীয়রা তীর্থকে  ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহানুর আলী বলেন, ‍“ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মারা যাওয়া স্কুলছাত্রের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”