ইট-পাথরের ব্যস্ত নগরজীবন ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে নিজের ৩০তম জন্মদিন উদযাপন করলেন জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জন্মদিনকে স্মরণীয় করে রাখতে তিনি নিয়েছেন ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন এই অভিনেত্রী।
‘সুন্দরী ইকো রিসোর্ট’-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে চমকের এই উদ্যোগ। পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তিনি।
৩০ বছরে পদার্পণ উপলক্ষে ৩০০টি গাছ লাগানোর সিদ্ধান্তকে শুধুই প্রতীকী সংখ্যা হিসেবে দেখছেন না চমক। তার ভাষায়, এটি প্রকৃতির প্রতি নিজের দায়বদ্ধতার প্রকাশ।
ব্যাখ্যা করে রুকাইয়া জাহান চমক বলেন, “আমরা সবাই প্রকৃতিরই অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময়ের পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হয়ে উঠবে।”
সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে রুকাইয়া জাহান চমক বলেন, “সুন্দরবন আমাদের অমূল্য সম্পদ। এই বনই প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের রক্ষা করে। কিন্তু নানা কারণে এর আয়তন কমে আসছে, বন্যপ্রাণীর আবাসও হুমকির মুখে পড়ছে। আমার এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাতে চাই। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন ও অনুসরণ করেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়াই আমার অন্যতম লক্ষ্য।”
জঙ্গল, বৃষ্টি আর প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে গাছ লাগানোর মধ্য দিয়েই শুরু হয় চমকের এবারের জন্মদিনের আনুষ্ঠানিকতা। ব্যক্তিগত উদযাপনের গণ্ডি পেরিয়ে পরিবেশের প্রতি দায়বদ্ধতার এমন উদ্যোগ শুধু সুন্দরবনের সবুজায়নেই ভূমিকা রাখবে না, বরং তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।








