উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল রপ্তানি প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার প্রভাবে বাংলাদেশের অর্থনীতি ধীরগতিতেই এগোবে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সদ্য বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ। আর চলতি ২০২৬-২৭ অর্থবছরে তা কিছুটা বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) জুলাই ২০২৬ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক চাহিদা দুর্বল থাকায় রপ্তানি প্রত্যাশামাফিক বাড়ছে না। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় ভোগ ব্যয়ও চাপে রয়েছে। একই সঙ্গে উচ্চ জ্বালানি মূল্য ও বেসরকারি বিনিয়োগের ধীরগতিও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সীমিত করছে।

এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের ভারপ্রাপ্ত প্রধান আকিরা মাৎসুনাকা বলেন, শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং সেবা খাতের স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনীতিকে প্রতিকূল পরিস্থিতিতেও টিকিয়ে রেখেছে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগ পরিবেশ উন্নত করা, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং জ্বালানি ও অবকাঠামোগত বাধা দূর করা জরুরি।