পুরো বিশ্ব এখন মেতে আছে ফুটবল বিশ্বকাপে। এর মধ্যে জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আজ হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের একমাত্র টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। অধিনায়ক শান্ত এই টেস্ট জয়ের সঙ্গে ভালো ক্রিকেটও খেলতে চান।

হারারে স্পোর্টস ক্লাবে পাঁচ বছর পর আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২১ সালের সেই ম্যাচের পর এই ভেন্যুতে আর মাত্র একটি টেস্ট হয়েছে, যেখানে আফগানিস্তানকে আতিথ্য দিয়েছিল জিম্বাবুয়ে। এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

তাই কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে নতুনদের দেখার সুযোগ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিশ্রামে আছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও প্রথমবারের মতো ডাক পাওয়া রবিউল হক। এছাড়া ইবাদত হোসেনও আছেন দলে। লিটন দাসের চোটে শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অভিষেক হতে পারে অমিত হাসান কিংবা তাওহীদ হৃদয়ের।

পরিসংখ্যান বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দুই দলের ২০ টেস্টের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৯টি, জিম্বাবুয়ে ৮টি, আর ৩টি ম্যাচ ড্র হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে পাল্লাটা স্পষ্টভাবেই বাংলাদেশের দিকে। সবশেষ পাঁচ টেস্টের চারটিতেই জয় পেয়েছে টাইগাররা। সেই ধারাবাহিকতা ধরে রেখে হারারে থেকে আরেকটি জয়ের হাসি নিয়েই ফিরতে চাইবে শান্তর দল।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করছেন, কন্ডিশন নিয়ে খুব একটা সমস্যা হবে না। তিনি বলেন, ‘আমরা বেশ কিছু খেলোয়াড় কয়েকদিন আগে এসেছি। ওই (কন্ডিশনের সঙ্গে) বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছি। ম্যাচের জন্য এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু খেলোয়াড় পরে এসেছে। ওরাও গত কয়েকদিনের অনুশীলনে অনেকটাই মানিয়ে নিয়েছি। ম্যাচে মানিয়ে নিতে খুব বেশি একটা সমস্যা হবে না।’

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আবহাওয়া। দেশে তীব্র গরমে খেলে আসা দলটিকে এবার প্রায় ২০-২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শীতল পরিবেশে খেলতে হবে। তবে সেটিকে বড় বাধা হিসেবে দেখছেন না শান্ত।

তার বিশ্বাস, প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই, ‘আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। এখানে যতটুকু সুবিধা ছিল, এর মধ্য দিয়ে সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েকটা সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলছি। আমার বিশ্বাস এই টেস্ট ম্যাচে আমরা ভালো কিছু করতে পারব।’

টেস্ট অধিনায়ক হিসেবে এরই মধ্যে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন শান্ত। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক এখন তিনি। তার নেতৃত্বে শেষ চারটি টেস্টেই জিতেছে বাংলাদেশ। এবার সুযোগ টানা পঞ্চম জয় তুলে নেওয়ার।

তবে শুধু ফল নয়, দলের সামগ্রিক পারফরম্যান্সকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই।’

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচকে ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। সামনে অপেক্ষা করছে একাধিক বিদেশ সফর, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

তিনি বলেন, ‘এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে কত ভালো ক্রিকেট খেলতে পারছি, এটা জরুরি। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে, এটা সামনের সিরিজগুলোর জন্য কাজে আসবে। (জিম্বাবুয়ের বিপক্ষে) লক্ষ্য থাকবে কতো ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।’

এসকেডি/জেআইএম