জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। স্বাগতিকদের মাঠে কঠিন লড়াইয়ের অপেক্ষা থাকলেও নিজেদের প্রস্তুতি ও সাম্প্রতিক ধারাবাহিকতায় ভরসা রাখছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম।
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শরিফুল জানান, জিম্বাবুয়েতে পৌঁছানোর পর থেকেই দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েকদিন হলো এসেছি। আসার পর এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন সবাই খুব ভালো অবস্থায় আছে। অনুশীলনেও সবাই ভালো করছে। আশা করি, ম্যাচেও সেটার প্রতিফলন দেখা যাবে।’
প্রতিপক্ষ জিম্বাবুয়েকেও সমীহ করছেন এই বাঁহাতি পেসার। তিনি বলেন, ‘ওরা গত কয়েকটি সিরিজে খুব ভালো ক্রিকেট খেলছে। তারপরও আমরা আমাদের প্রসেস অনুসরণ করে ভালো ফল আনার চেষ্টা করবো। স্পট বোলিং ও ব্যাটসম্যানদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়েই কাজ করছি।’
আরও পড়ুন
২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
বাংলাদেশ টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতলেও সেই পরিসংখ্যান নিয়ে বাড়তি ভাবছেন না শরিফুল।
তিনি বলেন, ‘আমরা গত পাঁচটি সিরিজ জিতেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা ওদের হোম কন্ডিশন, তাই এখানে খেলা সহজ হবে না। আমরা চেষ্টা করবো এসব না ভেবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে এবং যার যার স্কিল ঠিকভাবে কাজে লাগাতে।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই পেসার। ‘আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। আমি চাই, দল হিসেবে আমরা সিরিজ জিতি। সবাই সুস্থ থেকে সিরিজ শেষ করুক এবং সবাই ভালো পারফরম্যান্স করুক—এটাই আমার চাওয়া।’
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর ১টা ৩০ মিনিটে।
এসকেডি/বিএ








