ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে কি সত্যিই আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখায়? বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে এই অভিযোগ বিভিন্ন সময় বেশ শক্তভাবেই সামনে এসেছে। এসবের মাঝেই শনিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্র ১১ সেকেন্ডের একটি ভিডিওকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

ভিডিওতে ফিফা সভাপতি ইনফান্তিনোকে স্প্যানিশ ভাষায় বলতে শোনা যায়, ‘আজ আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল, চাপ অনুভব করছিলাম।’ এরপরই তিনি বুঝছে পারেন যে, তিনি বেদাঁস কথা বলে ফেলছেন। তখন ইনফান্তিনো যোগ করেন, ‘আমি তো নিরপেক্ষ। শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।’ ভিডিওটি দ্রুত ভাইরাল হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন। এবারের বিশ্বকাপেও আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির ওপর লিওনেল মেসির বিতর্কিত ট্যাকলের ঘটনায় কার্ড না দেখানো নিয়ে সেই বিতর্ক আবারও আলোচনায় আসে।

এসবের মাঝেই ইনফান্তিনোর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নানা জল্পনা তৈরি করেছে। তবে ভাইরাল ভিডিওটি নিয়ে তথ্য যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করা ফ্যাক্ট-চেকে দেখা গেছে, ভিডিওটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়ার মতো তথ্য নেই। কারণ ইনফান্তিনো স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন।

তবে একটি বিষয় সন্দেহেরও জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন, আশপাশে অন্য কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী চোখে পড়ে না। ফলে ভিডিওটির প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। মালয়েশিয়ার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রিও ভিডিওটি নিয়ে ফ্যাক্ট-চেক করেছে। তারাও বলেছে ভিডিওটি আংশিক সত্য হতে পারে আবার সেটি ইনফান্তিনোর সম্পূর্ণ বক্তব্য নাও হতে পারে। 

তবে মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটিও ছিল বেশ নাটকীয়। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।