প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত অবসরপ্রাপ্ত মেজর মোজাফ্ফর হোসেনকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মেজর মোজাফ্ফর হোসেন ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।বুধবার (১৫ জুলাই) দিনগত রাতে রাজধানীর বনানীর ডিওএইচএস থেকে তাকে আটক করা হয়।দেশের অষ্টম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনাবাহিনীর একদল কর্মকর্তার হাতে নিহত হন। ঘটনার দিনে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘটিত একটি সংঘর্ষের মধ্যস্থতা করতে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন।রাতে একদল সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউজ অধিকার করে জিয়াউর রহমানসহ আরও কয়েকজনকে গুলি করে হত্যা করে।ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায়ে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখা হয়।পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মোজাফফর হোসেন দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেপ্তার এড়িয়ে যান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।