কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন মরক্কোর মিডফিল্ডার আজেদিন উনাহি।

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে কানাডার জালে দুইবার বল পাঠিয়ে উনাহি হয়ে উঠেছেন বিশ্বকাপ ইতিহাসের মাত্র চতুর্থ আফ্রিকান ফুটবলার, যিনি নকআউট ম্যাচে জোড়া গোল করার কীর্তি গড়েছেন।

এই অনন্য তালিকায় প্রথম নামটি মিসরের কিংবদন্তি আবদেল রহমান ফাওজির। তিনি ১৯৩৪ বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে দুই গোল করেছিলেন। এরপর দীর্ঘ ৫৬ বছর অপেক্ষার পর ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলা নকআউট পর্বে জোড়া গোল করেন। ২০০২ বিশ্বকাপে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন সেনেগালের অঁরি কামারা।

এরপর আরও ২৪ বছর পর আবারও আফ্রিকার হয়ে ইতিহাস গড়লেন উনাহি। কানাডার বিপক্ষে তার দুই গোল মরক্কোকে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের নকআউট ইতিহাসে তাকে বিশেষ এক মর্যাদার আসনে বসিয়েছে।

বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে নকআউট পর্বে জোড়া গোল করা যে কতটা কঠিন, এই পরিসংখ্যানই তার প্রমাণ। প্রায় এক শতাব্দীর বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকার অসংখ্য তারকার ভিড়েও এমন কীর্তি গড়তে পেরেছেন মাত্র চারজন। সর্বশেষ সেই গৌরবময় তালিকায় যুক্ত হলো মরক্কোর তারকা আজেদিন উনাহির নাম।

আরআর/আইএন