জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়, আজ সংবাদ সম্মেলন ও আলোচনা সভার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির সূচনা ঘটলো।

গোলাম পরওয়ার বলেন, আগামী ২ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকায় এবং ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করা হবে।

একই সঙ্গে এই সময়ে জুলাইয়ের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে স্মৃতিচারণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

তিনি বলেন, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

আগস্ট মাসের কর্মসূচির বিষয়ে গোলাম পরওয়ার জানান, ১ আগস্ট সারাদেশের মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারাদেশের জেলা ও উপজেলায় সমাবেশ ও মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে জামায়াত পূর্ণ সমর্থন জানিয়ে অংশ নেবে।

এর বাইরেও মহিলা বিভাগ ও ছাত্রসমাজের উদ্যোগে এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের মাধ্যমে নেওয়া কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার পাশাপাশি জামায়াতের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি পেশ করা হয়। সেগুলো হলো- জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

আরএএস/একিউএফ