রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিরুল হক মুক্তিকে শোন অ্যারেস্ট (গ্রেফতার দেখানো) দেখিয়েছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
বিষয়টি ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশান থানার হত্যা মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে শোন অ্যারেস্ট দেখিয়েছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর গুলশান থানার এ হত্যা মামলাটি ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।
অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে নাদিম নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তদন্তের স্বার্থে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে শোন অ্যারেস্ট (গ্রেফতার দেখানো) করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, কবিরুল হক মুক্তি ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে আন্দোলনরত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এছাড়া মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপতৎপরতা ও অর্থ জোগানের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন
নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেফতার
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, কবিরুল হক মুক্তি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। গুলশান থানার এ মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার স্বার্থে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
এমডিএএ/এমআইএইচএস








