চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে ঘরে ঢুকে রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ডাকাত দলের হামলায় সুমাইয়া আক্তার (২৪) নামে পরিবারের অন্য এক গৃহবধূ আহত হয়েছেন। দুর্বৃত্তরা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম ওই গ্রামের রনি বেপারীর স্ত্রী। তাদের আড়াই বছর ও ৪ মাস বয়সী দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় মিমের স্বামী কাজের প্রয়োজনে ঢাকায় ছিলেন।আহত সুমাইয়া আক্তার জানান, গভীর রাতে মুখ বাঁধা ২ ব্যক্তি ঘরে ঢুকে তাকে ও তার শিশুকে ছুরির মুখে জিম্মি করে। পরে তার হাত বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে কানের দুল ও আংটি ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা পাশের কক্ষে থাকা মিমের ওপর চড়াও হয়। সেখান থেকে মিমের কান্নার শব্দ পাওয়া গেলেও হাত-পা বাঁধা থাকায় সুমাইয়া কোনো সাহায্য করতে পারেননি।প্রতিবেশীরা জানান, মিমের ঘর থেকে চিৎকার শুনে তারা এগিয়ে যান। মসজিদের মাইক থেকে ঘোষণা দিলে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন। পরে জানালার কপাট খোলা দেখে ভেতরে তাকালে মিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ওড়না পেঁচানো ছিল। খবর পেয়ে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।/