কাশিমপুরে একটি প্যাকেজিং কারখানায় কর্মরত অবস্থায় শ্রমিক মুক্তারের (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনা কেন্দ্র করে সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে কাশিমপুরের ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকার কারখানায় কর্মরত ওই শ্রমিক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত মুক্তার কাশিমপুরের সারদাগঞ্জের থানাসংলগ্ন এলাকার বাসিন্দা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সহকর্মীরা কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষকে দীর্ঘ সময় কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।