রাজধানীর মধ্য বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজাউলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্টের ১৪ নম্বর রোডের একটি বাসায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত ঝুমুরের বাড়ি পটুয়াখালী জেলা সদরের তিতকাটা গ্রামে। তার বাবার নাম জাফর হাওলাদার।
নিহতের স্বজন অজিফা বেগম বলেন, ঝুমুর কয়েকদিন আগে পটুয়াখালী থেকে ঢাকার বাড্ডায় তার বাসায় বেড়াতে আসেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা বাজার করে বাসায় ফেরার পরেই ঝুমুরের মোবাইলে তার সাবেক স্বামী রেজাউলের নম্বর থেকে ফোন আসে। তিনি ঝুমুরকে হুমকি-ধমকি দিতে থাকেন। একপর্যায়ে রেজাউল বলেন, “আমি তোর বাসার গেটের সামনে আছি, সাহস থাকলে বের হয়ে আস।”
অজিফা বেগম জানান, রেজাউল আগে থেকেই ওৎ পেতে বসে ছিল তাঁরা সেটা টের পাননি। ফোনে কথা বলার পর ঝুমুর ক্ষুব্ধ হয়ে বাসার গেটের সামনে গেলে উভয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে রেজাউল ঝুমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা ছুটে এসে রেজাউলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। ঝুমুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মাদ ফারুক বলেন, “নিহত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাড্ডা থানা অবগত আছে।”







