রাজধানীর বাড্ডায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে ঝুমুর আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার ডিআইটি রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঝুমুরকে হাসপাতালে নিয়ে আসা মোছা. অজিফা আখতার জানান, মঙ্গলবার বাড্ডার ডিআইটি রোডে তার বাসায় আসেন ঝুমুর। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন ঝুমুরের সাবেক স্বামী মো. রেজাউল। কথা কাটাকাটির এক পর্যায়ে ঝুমুরকে ছুরিকাঘাত করেন তিনি। পরে ঝুমুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

অজিফা আখতার আরও জানান, ঝুমুরের দ্বিতীয় স্বামী রেজাউল। ঝুমুরের আগেও বিয়ে হয়েছিল। ওই সংসারে তার একটি সন্তান রয়েছে। পরে রেজাউলের সঙ্গে ঝুমুরের প্রেম হলে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর রেজাউল কিছু করতেন না। এ নিয়ে কলহ হয় সংসারে। পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ঝুমুরের গ্রামের বাড়ি পটুয়াখালী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে