মাদকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুই শিশু সন্তানের সামনে স্ত্রী নাসিমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী ছায়েদুল ইসলাম। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম চৌধুরী।

এদিকে, এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজধানীর উত্তরা ও আশপাশের এলাকা থেকে চলতি বছরে ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত প্রায় এক হাজার ২০০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও ছিনতাইকারীর সংখ্যা কমছে না। চারপাশে অনেক বস্তি থাকায় তাদের দমন করতে বেগ পেতে হচ্ছে।

র‌্যাব জানায়, গত ১৩ জুলাই রাতে গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় নাসিমা আক্তারকে হত্যার ঘটনা ঘটে। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। শ্রীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। ভ্যানচালক স্বামী ছায়েদুল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফিরলে তার কাছে তিন হাজার টাকা দাবি করে ছায়েদুল। এ সময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সময় তাদের ৮ বছর বয়সি মেয়ে ও ৫ বছর বয়সি ছেলে ঘরেই ছিল। দুই অবুঝ শিশুর সামনেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।