রাজধানীর হাজারীবাগে চাচা-ভাতিজাকে ছিনতাইয়ের ঘটনায় আসিফ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ৮টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এদিকে, পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণ সৈয়দ রাফসান ও তার চাচা সৈয়দ আহমেদ জিদান নিউমার্কেট থেকে জিগাতলা কাঁচাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় স্থানীয়দের সহায়তায় আসিফ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয় এবং রাব্বি নামে অপরজন পালিয়ে যায়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসিফকে হেফাজতে নেয়। আসিফের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার যুবকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৩৭৭ : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরমধ্যে রমনা বিভাগ ৪০, লালবাগ ২৬, ওয়ারী ৫৫, মতিঝিল ২৫, তেজগাঁও ৬৪, মিরপুর ৮৫, গুলশান ৩২, উত্তরা ৪৩ ও ডিবি সাতজনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, দুটি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ছয়টি মোবাইল ফোন, ৩৩০ টাকা ও অপহৃত একজনকে উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪১টি মামলা করা হয়েছে।



