জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে। সেখানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই গণ–অভ্যুত্থান স্মরণে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। ২০২৪ সালের ৫ আগস্ট যে অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তাতে সক্রিয় ভূমিকা ছিল ছাত্রদলের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই গণ–অভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে’ ছাত্রদলের কর্মসূচি শুরু হবে ১৫ জুলাই। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থানের বাঁকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভা করবে তারা।
১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এসব সমাবেশে দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতা–কর্মীরা অংশ নেবেন। একই দিন চট্টগ্রাম ও রংপুর বাদে সংগঠনের দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা হবে।
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে কর্মসূচি হবে। ২০ জুলাই গণ–অভ্যুত্থানে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক স্মরণসভা করবে ছাত্রদল।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলির ওপর ‘প্রতীকী জুলাই’ শীর্ষক লাইভ পারফরম্যান্সের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই দিন একই ক্যাম্পাসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটক হবে। ২২ জুলাই জুলাই গণ–অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারা দেশে সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
জুলাই গণ–অভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় ২৪ জুলাই ও ২৫ জুলাই ছাত্রদলের সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
৩ আগস্ট রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে ছাত্রদলের জুলাইয়ের কর্মসূচি শেষ হবে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।








