জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়ন করছে বাহিনীটি।
বুধবার (১৫ জুলাই) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্রবিরোধী চক্র যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ১৬ জুলাই উপলক্ষে জারি করা সব আইনশৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে র্যাব মাঠে রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে র্যাব। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো, আগাম তথ্য সংগ্রহ, সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রাখা হচ্ছে। এছাড়া র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।
অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এসব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব জানায়, জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে সংশ্লিষ্ট এলাকার র্যাব টহল ইনচার্জ বা ব্যাটালিয়ন অধিনায়ককে দ্রুত অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
টিটি/এমএএইচ/








