জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন দলটির নেতারা। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের নেতৃত্বে বৃহস্পতিবার সকালে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে নেতারা শহীদদের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিক, ড. মোবারক হোসাইন, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ।
পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত নেতা আব্দুস সবুর অভিযোগ করেন, যাদের রক্তের ওপর দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে তাদের স্মরণে সরকারের কোনো কর্মসূচি নেই। এটি শুধু দুঃখজনক নয়, বরং পরিতাপের বিষয়। জুলাই গণ-অভ্যুত্থানের মাত্র দ্বিতীয় বর্ষে এসেই রাষ্ট্র জুলাই আন্দোলনের স্বীকৃতি দিচ্ছে না, জুলাইকে স্মরণ করছে না। এটি কোনো ছোটখাটো বিষয় নয়। সরকার যদি জুলাই চেতনাকে স্বীকার করত তবে জুলাই-আগস্টের সেই ৩৬ দিনের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করত।
জাসদ সভাপতি হাসনুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রসঙ্গে ড. হেলাল উদ্দিন বলেন, এই রায় শহীদ ও আহতদের সঙ্গে উপহাস করার শামিল। যেই ইনু গণহত্যা চালাতে পুলিশকে নির্দেশ দিতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে উসকানি দিয়েছেন। সেই ইনুর ১০ বছরের কারাদণ্ড দেওয়ার অর্থ হচ্ছে ১০ বছর পর আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে এনে এ দেশের জনগণের ওপর আরও ভয়াবহ গণহত্যা পরিচালনার সুযোগ করা।








