জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ দুটি ভোট দিয়েছে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে মানুষ জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিএনপি সরকার গঠন করেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা, জাতির সঙ্গে গাদ্দারি ও বেইমানি করছে। অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে সেভাবেই তারা এ সরকারেরও পতন ঘটাবে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে প্রথম পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাহিদ ইসলাম এমপি।

সোমবার বিকালে গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই পথসভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।