বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতির প্রত্যাশা পূরণে আর বিলম্ব না করে চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে। গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে গড়িমসি করলে দেশকে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হবে।শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ : নতুন বাংলাদেশ নির্মাণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা।মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জুলাই সনদের মূল চেতনা থেকে সরিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সুফল ভোগ করে যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদেরই উচিত গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি মৌলিক সংস্কারের বিষয়ে ভিন্নমত প্রদর্শনের মাধ্যমে সেই অঙ্গীকার থেকে সরে আসার লক্ষণ দেখা যাচ্ছে।’তিনি জানান, জুলাই জাতীয় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৭টি সংবিধান সংশোধন এবং ৩৭টি নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নের বিষয়ে ঐকমত্য হয়েছিল। অথচ বর্তমানে প্রশাসন ও স্থানীয় সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী।প্রধানমন্ত্রীকে দলীয় প্রধানের পদ থেকে আলাদা রাখা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের সীমিত স্বাধীনতার মতো বিষয়ে বিএনপির ভিন্নমতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়ন জরুরি।গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং কাপাসিয়ার সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।সেমিনারে আরও বক্তব্য দেন সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম খান, বর্তমান আমীর ড. জাহাঙ্গীর আলম এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাকিলের বাবা মো. বেলায়েত হোসেনসহ এনসিপি ও এনডিএফের স্থানীয় নেতৃবৃন্দ।