জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

বুধবার সংগঠনটির আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্যসচিব ড. মো. জামাল উদ্দীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সূচনা দিবসে জুলাইয়ের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে। ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংঘটিত এ ঐতিহাসিক আন্দোলনে যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাঁদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের প্রতিও গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক আহত ব্যক্তি এখনো শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের জন্য দ্রুত উন্নত চিকিৎসা, পূর্ণাঙ্গ পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে ‘জুলাই সনদ’ দ্রুত চূড়ান্ত করা, অনুমোদন দেওয়া এবং বাস্তবায়ন করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে শহীদ পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, শিক্ষাগত সহায়তা এবং মানসিক সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ও স্থায়ী উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। শহীদ পরিবারের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ, আহতদের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুদৃঢ় করার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা রক্ষা করা সম্ভব।

সংগঠনটি মনে করে, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করেই দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রা এগিয়ে নিতে হবে।

The post জুলাই সনদ চূড়ান্ত ও বাস্তবায়ন এখন সময়ের দাবি: শাবিপ্রবি শিক্ষকরা appeared first on ZoomBangla.