ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল মিলনায়তনে ‘স্মৃতিতে জুলাই সংগ্রাম, স্বপ্ন ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলেয়া বেগম।

উপাচার্য বলেন, “ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।” তিনি জুলাইয়ের চেতনা ও অর্জনকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে দিনব্যাপী ‘শহীদদের কাছে খোলা চিঠি লিখন প্রতিযোগিতা’, ‘দ্রোহের বিপ্লবের জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘ফিরে দেখা জুলাই’ কুইজ, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল প্রাং ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় হল সংসদের ভিপি রাফিয়া রেহনুমা হৃদি, জিএস নিশিতা জামান নিহা, এজিএস তানজিনা তাম্মিম হাফসা এবং শারমিন আক্তার নিম্মি জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী জ্যোতির্ময়ী সরকার ঊর্মি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অন্যদিকে, শনিবার ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের উদ্যোগে জুলাই প্রতিরোধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, জুলাই প্রতিরোধের স্মারক সংরক্ষণে ফটোফ্রেম উন্মোচন, আলোচনা সভা, শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং জুলাই প্রতিরোধবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম ভূঁইয়া।

এছাড়া, শনিবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ‘স্মৃতিতে স্মরণে রক্তিম জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই ধারাবাহিকতায় রবিবার (২৬ জুলাই) বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিনে শামসুন নাহার হলে কুইজ প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।