যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন ড. মোহাম্মদ ফারুক হাসান। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক।
শনিবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ফুল দিয়ে নতুন কোষাধ্যক্ষকে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, ২৩ জুলাই বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগের এ তথ্য জানানো হয়। যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন।
শনিবার সকাল ১১টায় যোগদানের পর যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
কোষাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
যোগদানের পর যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক ড. মোহম্মদ ফারুক হাসান বলেন, ‘এখানে যোগদানের পর যবিপ্রবি পরিবার যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, এতে আমি কৃতজ্ঞ। সরকার আমাকে যে উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, তা সম্পন্ন করার লক্ষ্যে আমি নিরলস কাজ করে যাব। এ বিশ্ববিদ্যালয়ের যেকোনো ভালো কাজের ক্ষেত্রে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন।
অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, ২০০৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অনুষদের অধীনে স্নাতক ও ২০০৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরে তিনি ২০০৫ সালে ১৫ মে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগে প্রভাষক হিসেবে প্রথম যোগদান করেন। তিনি ২০১২ সালে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
মিলন রহমান/কেজে/এএসএম








