জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা যখনই দেশ পরিবর্তন করার জন্য আপনাদের কাছে আসি, আমাদেরকে বলে ওরা জুলাই ব্যবসায়ী। আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা হাজার বার জুলাই ব্যবসায়ী হবো, তবে তোমাদের মতো টেন্ডারবাজ ও চাঁদাবাজ ব্যবসায়ী হবো না। জুলাইয়ের চেতনা হলো টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ করা এবং গরিব-দুঃখীর মুখে খাবার তুলে দেওয়া।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় আয়োজিত এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এ কথা বলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সংসদে দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, যে সংবিধানের কারণে গত ১৭ বছর দেশের মানুষ বন্দি ছিল, সেই সংবিধান সংস্কারের বিরোধিতা প্রথম থেকেই সালাউদ্দিন গংরা করে আসছিল। বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে তাদের শায়েস্তা করেছিল। অথচ তারা সংসদে গিয়ে সংবিধানের সংস্কার না করে, জনগণের ভাগ্য পরিবর্তন না করে, নিজেদের ভাগ্য বদলাতে ঘৃণ্য কর্মকাণ্ড করলো। তারা সংবিধান সংস্কার সভা না করে একটি সংবিধান সংশোধনী কমিটি গঠন করেছে, যা বাংলাদেশের মানুষের সামনে একটি অন্ধকার জগৎ নামিয়ে এনেছে।

এর আগে বিকেলে বগুড়ার দুপচাঁচিয়ার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পথসভা শেষে সন্ধ্যায় শহরের দত্তবাড়ী এলাকা থেকে একটি পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি থানামোড় এলাকায় পৌঁছালে নাসিরুদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা এতে যোগ দেন। পরে পদযাত্রাটি সাতমাথার মূল সমাবেশে গিয়ে মিলিত হয়।

বগুড়ায় পা রাখতেই চাঁদাবাজির শিকার হয়েছেন উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমি গাড়ি ভাড়া করে বগুড়ায় এসে দাঁড়াতেই একজন এসে বলল ১০০ টাকা চাঁদা দিতে হবে। প্রধানমন্ত্রীর এলাকায় এসেই চাঁদাবাজির শিকার। তাহলে পুরো বাংলাদেশ চাঁদাবাজমুক্ত কীভাবে হবে, তা নিয়ে আমাদের শঙ্কা রয়ে গেছে।

বিগত সরকারের আমলে বগুড়ার প্রতি চরম বৈষম্য করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু বগুড়ার বাসিন্দা হওয়ার কারণে গত ১৭ বছর সার্টিফিকেটে ও আইডেন্টিটি কার্ডে দেখে মানুষকে চাকরি দেওয়া হয়নি, ভাইভায় অপমান করা হয়েছে। আমরা এই বৈষম্য আর দেখতে চাই না। দেশের কোনো অঞ্চলের আইডেন্টিটির কারণে কেউ চাকরি পাবেও না, আবার বঞ্চিতও হবে না। মেধার ভিত্তিতেই সব চাকরি নিশ্চিত করতে হবে।

সমাবেশে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন নেতারা। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধে সংসদে কোনো আলোচনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কার এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প (এগ্রো ইন্ডাস্ট্রি) গড়ে তোলার দাবি জানানো হয়।

এই সমাবেশ থেকেই বগুড়া সদর উপজেলার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জাতীয় ছাত্র শক্তির বগুড়া জেলা আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিনের নাম ঘোষণা করা হয়।

জাতীয় নাগরিক পার্টি বগুড়া জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মো. আবদুস সবুর সুমনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা সদস্য সচিব সুলতান মাহমুদ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।

এনএইচআর/এএসএম