আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো এবং প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর।শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তাঁর প্রতিটি বক্তব্যে স্পষ্ট করেছেন যে, আমরা জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। তবে আরেকটি শ্রেণী জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। আমরা যখন সুনির্দিষ্টভাবে উপস্থাপন করেছি যে এটি জুলাই সনদের অংশ নয়, তখন তারা ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা করছে।"দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, "আমাদের এক পাশে বসে ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, আর অন্য পাশে মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই।"তিনি জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, "জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে যেকোনো বিভ্রান্তির পথ পরিহার করতে আপনারা অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকবেন। তারেক রহমান সামনের কাতারে থেকে আমাদের যে নির্দেশনা দেবেন—প্রধানমন্ত্রীর দেখানো সেই পথই মূলত জুলাইয়ের পথ।"
জুলাইকে কেন্দ্র করে দেশ আজ দুই ধারায় বিভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, "একভাগ জুলাইকে নিয়ে ব্যবসা-বাণিজ্যের রীতিতে নেমেছে। আর অন্যভাগ জুলাই সনদকে সামনে রেখে তা বাস্তবায়নে ধীরগতিতে না হলেও মধ্যম গতিতে এগিয়ে চলেছে। আর সেই অগ্রগামী অংশের নেতৃত্বে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান।"








