ঢাকাই সিনেমার আলোচিত জুটি শাকিব খান-ইধিকা পাল। এ তারকা যুগলকে ঘিরে ফের শুরু হয়েছে আলোচনা। হঠাৎ নিজের ফেসবুক পেজের কাভার ফটো বদলে, ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টার যুক্ত করেছেন ইধিকা পাল। তারপর থেকে গুঞ্জন উড়ছে, নতুন সিনেমায় আবারো একসঙ্গে দেখা যেতে পারে এ জুটিকে! বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।
অনেকের ধারণা, এটি হয়তো কেবল স্মৃতিচারণ নয়; বরং আসন্ন কোনো নতুন ঘোষণার ইঙ্গিতও হতে পারে। যদিও এ বিষয়ে ইধিকা বা তার টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্রের ভাষ্য, কাভার ফটো পরিবর্তনের পেছনে নতুন কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি। তবে বিষয়টি নিয়ে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
কিছু দিন আগে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে ‘বরবাদ’ টিম। শোনা যাচ্ছে, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এই নতুন সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে ইধিকা পালকে। যদিও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
এদিকে, ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারকে কভার ফটো হিসেবে বেছে নেওয়ায় সেই গুঞ্জন যেন নতুন করে ডানা মেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, বড় পর্দায় আবারো শাকিব-ইধিকা জুটিকে দেখতে চান তারা। কেউ কেউ এটিকে নতুন সিনেমার প্রচারের সূচনাও মনে করছেন।
চলচ্চিত্রসংশ্লিষ্ট নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, শাকিব খানকে ঘিরে কয়েকটি নতুন সিনেমার পরিকল্পনা চলছে। সম্ভাব্য প্রকল্পগুলোর একটিতে ইধিকা পালের নামও আলোচনায় রয়েছে। তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
বলে রাখা ভালো, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। বক্স অফিসেও সফল হয় এটি। সেই সাফল্যের পর থেকেই এই জুটিকে আবারো একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।








