দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ। ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ শিরোনামের দুটো সিনেমা নিয়ে খুব চেনা ভুবনে ফিরছেন এই তারকা। দুটো সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নবাগত রানী স্বর্ণকার। মঙ্গলবার (১৪ জুলাই) এ ঘোষণা দেন গোবিন্দ। খবর টাইমস ইন্ডিয়ার।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনেরি আয়োজন করেন গোবিন্দ। সংবাদ সম্মেলনে গোবিন্দ তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে কথা বলেন। ‘রূপা’ সিনেমাটি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়েও নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেতা।
গোবিন্দ বলেন, “আমি এখন পুরোপুরি প্রস্তুত। খুব শিগগির সিনেমার পুরো কাস্টের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। পরবর্তী বৈঠকেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের অনেক নতুন মুখকে এই সিনেমায় দেখতে পাবেন দর্শকরা।”
নতুন সিনেমা প্রসঙ্গে গোবিন্দ বলেন, “রূপা’, ‘দুনিয়াদারি’—দুটি সিনেমায়ই একেবারে ভিন্ন ঘরানার হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাথায় রেখেই এগুলো নির্মাণ করা হচ্ছে। কারণ তরুণরা অনেক স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জীবন শুরু করে। কিন্তু অনেক সময় পথ হারিয়ে ফেলে। এই সিনেমার মাধ্যমে ‘মায়া’-এর এমন একটি দিক দেখাতে চাই, যা তারা উপলব্ধি করতে পারবে। আমি চাই না, তরুণরা ভিড়ের মধ্যে হারিয়ে যাক। তাদের আত্মবিশ্বাসী হতে হবে, নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে হবে।”
গোবিন্দ সত্য বলেন। কিন্তু মানুষ তা বিশ্বাস করেন না বলে দাবি তার। এসব তথ্য উল্লেখ করে গোবিন্দ বলেন, “আমি যখন সিনেমায় কাজ করি, তখন পুরো দুনিয়া অবাক হয়ে যায় যে, আমি এখনো এখানে কীভাবে আছি। আমি কোনো কিছুকেই ভয় পাই না। সত্য কথা বলতেও লজ্জাবোধ করি না। কী ঘটতে চলেছে, তা অনেক আগেই অনুভব করতে পারি। আমি সত্য বলি, কিন্তু মানুষ তা বিশ্বাস করে না। কেউ কেউ আমাকে গালিগালাজও করে। তারা বলে—‘দেখো, কী সব বলছে!”
গোবিন্দর সঙ্গে নবাগত রানী স্বর্ণকার
২০১৯ সালে সর্বশেষ বড়পর্দায় দেখা যায় গোবিন্দকে। ‘রঙ্গিলা রাজা’ তার অভিনীত শেষ সিনেমা। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির পর বক্স অফিসে ব্যর্থ হয় সিনেমাটি। ২০২২ সালে একটি তথ্যচিত্রে দেখা যায় গোবিন্দকে। গত ৭ বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন নব্বই দশকের পর্দা কাঁপানো এই তারকা।








