দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সরব হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের প্রতি একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
আজ (১৪ জুলাই) সন্ধ্যার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসের শুরুতেই তাসরিফ লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষা টা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপ টা নিতে পারবেন তো?’
তিনি বলেন, এইচএসসি বোর্ড পরীক্ষা এমনিতেই একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে চাপের পরীক্ষাগুলোর একটি। সেখানে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের আরও বেশি ভোগান্তিতে ফেলেছে।
তার ভাষায়, ‘এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হয়ে যেত? এই বৈরী আবহাওয়ায় যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের সাফারিংস আর ট্রমা বোঝেন? ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কত শিক্ষার্থীর জ্বর আসছে, তাদের আবেগ-অনুভূতি বোঝেন?’
সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে এই শিল্পী আরও লেখেন, ‘এত কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে, নাকি আপনার পদত্যাগ চাইবে?’
স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তাসরিফ বলেন, ‘আপনাদের মতো বুইড়া ধামরাগুলা দেশ বদলাবে, নাকি ছাত্রছাত্রীরা বদলাবে-এই সহজ ম্যাথ কেন মাথায় যায় না?’
তিনি আরও প্রশ্ন তোলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নামলেই কেন তাদের নানা ধরনের ‘ট্যাগিং’-এর মুখে পড়তে হয়। একই সঙ্গে ভুল হলে সেটি স্বীকার করার মানসিকতা দেখানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
দিলদারের নায়িকা হতে রাজি হননি শীর্ষ নায়িকারা, সেই ছবি হয়েছিল সুপারহিট
স্ট্যাটাসের শেষাংশে তাসরিফ লেখেন, ‘সময় থাকতে শিক্ষার্থীদের মানসিকতা এবং আবেগ বোঝার চেষ্টা করেন। চেয়ারে বসে গেলে লজ্জা-শরম কমে যায়, আমরা জানি। সুতরাং পদত্যাগ করেন আর না-ই করেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, দ্রুততার সঙ্গে গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং অবশ্যই থাকব।’
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন তারা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময় অবস্থান করেন। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আবারও সায়েন্সল্যাব মোড়ে ফিরে অবরোধ করেন।
বিকেল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আরও পড়ুন
বন্যার্তদের পাশে তৌসিফ মাহবুব, দিলেন আর্থিক সহায়তা
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এমএমএফ








