সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের জবাব দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় জানান, অভিনয় জীবনের ১৪ বছরে কেউ কখনও তাকে সরাসরি বা পরোক্ষভাবে কোনো আপত্তিকর প্রস্তাব দেওয়ার সাহস পায়নি।

আরও পড়ুন

রিয়াজের নায়িকা হয়ে রোমান্টিক শুরু, এখন ভিলেন হতে চান পূর্ণিমা

পোস্টের শুরুতেই নিজের অভিনয়জীবনের পথচলার কথা তুলে ধরেন ফারিয়া। তিনি জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু করেন। ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয় করলেও পরিবারের সিদ্ধান্তে স্নাতক শেষ না করা পর্যন্ত নিয়মিত অভিনয়ে যুক্ত হননি।

তিনি লিখেছেন, ২০১৫ সালে গ্র্যাজুয়েশন শেষ করার পর নিয়মিত অভিনয় শুরু করেন এবং ২০২০ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কাজ করেন। করোনাকাল ও একই বছরের শেষ দিকে ব্যক্তিগত জীবনের পরিবর্তনের পর অভিনয় থেকে বিরতি নেন। এ সময় পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম (পিসিওএস)-এর কারণে ওজন বেড়ে যাওয়ায় ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না।

প্রথমে কাজ কমিয়ে এবং পরে পুরোপুরি বিরতি নিয়ে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সময়ে মাস্টার্স সম্পন্ন করে চাকরিতেও যোগ দেন।

এরপরই গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে অভিনেত্রী লেখেন, ‘আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।’

ফারিয়ার ভাষ্য, একজন মানুষ নিজের ব্যক্তিগত পরিসরে কাকে কতটা প্রবেশাধিকার দেবেন, সেটি তার নিজের সিদ্ধান্ত। তাই কেউ সীমা অতিক্রম করার সুযোগ পায়নি বলেই তিনি বিশ্বাস করেন। তিনি আরও জানান, মিডিয়ার অধিকাংশ সহকর্মীর কাছ থেকে তিনি সবসময় সম্মান ও স্নেহ পেয়েছেন। ২০১৯ সালে তার বিয়ের সময় পুরো বিনোদন অঙ্গন আনন্দের সঙ্গে অংশ নিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

নিজেকে নিয়ে প্রচলিত ধারণা প্রসঙ্গে ফারিয়া বলেন, ইন্ডাস্ট্রিতে তার একমাত্র ‘বদনাম’ তিনি কিছুটা রাগী। তবে এর বাইরে তার বিরুদ্ধে যেসব অভিযোগ বা গুজব ছড়ানো হয়, সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ যদি এ ধরনের কোনো ঘটনার দাবি করেন, তাহলে তার প্রমাণও দেখাতে হবে।

অভিনেত্রী জানান, কাজের জন্য তিনি কখনও সরাসরি কোনো প্রযোজকের সঙ্গে যোগাযোগ করেন না। পরিচালকরাই সাধারণত তার সঙ্গে যোগাযোগ করেন। একই সঙ্গে পরিচালক-প্রযোজকদের কথিত ব্যক্তিগত পার্টি নিয়ে সামাজিক মাধ্যমে যেসব গুঞ্জন ছড়ানো হয়, সেগুলোকেও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

শাকিব-ইধিকা জুটি কি ফিরছে?

স্ট্যাটাসে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন শবনম ফারিয়া। তার দাবি, কেউ যদি তাকে নিয়ে মিথ্যা বা মানহানিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেন, তাহলে তিনি সংশ্লিষ্ট কথোপকথনের স্ক্রিনশট বা কল রেকর্ড প্রকাশ করবেন এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থাও নেবেন।

পোস্টের শেষাংশে গুজব রটনাকারীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘বুঝে-শুনে গুজব ছড়াতে হয়। ডায়নামাইটে হাত দিলে তো হবে না। সবাই জানে, এখানে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। এসব রিউমার ছড়ানোর জন্য খুব খারাপ মানুষ বেছে নিয়েছেন।’

শবনম ফারিয়ার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার স্পষ্ট বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ কেউ গুজব ছড়ানোর সংস্কৃতি বন্ধে তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

 

এমআই/এলআইএ