কচুয়ায় ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে এ ঘটনা ঘটানো হয়। ফাতেমা বেরকোটা মিয়াজী বাড়ির মরহুম সাদেক মিয়াজীর স্ত্রী। তার স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় একই গ্রামের ইয়াসিন (১৮) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চোর চক্র ফাতেমা বেগমের ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ গৃহকর্তী তাদের বাধা দিলে বা চিনে ফেলায় দুষ্কৃতকারীরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। নিহত ফাতেমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।








